ডিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। প্রায় সবাই পছন্দ করেন এটি। আজ ডিম দিয়ে ঝটপট কোরমা রান্নার রেসিপি দিয়েছেন মডেল – অভিনেত্রী মুক্তা হাসান। আসুন, তার ডিমের কোরমা রান্নার এই রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
ডিম ৮টি, লবণ পরিমাণমতো, মরিচ গুঁড়া আধা চা চামচ, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ, পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক চা চামচ, পোস্তদানা বাটা এক টেবিল চামচ, কাজুবাদাম বাটা এক টেবিল চামচ, কাঠবাদাম বাটা এক টেবিল চামচ, পেস্তাবাদাম বাটা ১ টেবিল চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, দারুচিনি দুই টুকরা, ছোট এলাচি চারটি, টক দই আধা কাপ, পানি এক কাপ, দুধ এক কাপ, চিনি এক টেবিল চামচ বা পরিমাণমতো, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, গরমমসলার গুঁড়া এক চা চামচ, ঘি তিন টেবিল চামচ।
রান্নার প্রণালি :
প্রথমেই ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। খোসা ছাড়ানো ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে দাগ কেটে নিন। সামান্য লবণ ও মরিচের গুঁড়া মাখিয়ে অল্প তেলে ভেজে নিন।
এই পর্যায়ে তেল গরম করে পেঁয়াজ ঘিয়ে রং করে ভেজে নিন। সব বাটা মসলা, গুঁড়া মসলা, গরমমসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। টক দই দিয়ে এক কাপ পানি ও লবণ দিয়ে দিন। ফুটে উঠলে চিনি ও দুধ দিতে হবে। বেরেস্তা, গরমমসলার গুঁড়া, ডিম আর ঘি দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের ডিমের কোরমা।