চাঁদপুর সদর উপজেলায় ৩২৫ জন কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন উপশী সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,আমাদের দেশ জনবহুল একটি দেশ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সময়মতো সঠিক ফসল উৎপাদন জরুরি। কৃষকেরা যদি পরিকল্পিতভাবে চাষাবাদ করেন, তবে দেশ আরও দ্রুত খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন,ফসল উৎপাদনে যেকোনো সমস্যায় উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
কর্মসূচির আওতায় উপশী ৭ প্রকার শীতকালীন সবজির বীজ ১২৫ জনকে, হাইব্রিড লাউ ৪০ জনকে, হাইব্রিড বেগুন ৬০ জনকে, হাইব্রিড মিষ্টি কুমড়া ৪০ জনকে এবং হাইব্রিড শসা ৬০ জন কৃষককে প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেক কৃষককে ২০ কেজি করে সারও দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপন রায়, বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা।