ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের একটি ডোবায় শাপলা তুলতে গিয়ে ২ ভাই-বোনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে শুক্রবার (৪ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডোবা থেকে শাপলা ফুল তোলার কথা বলে বের হয়ে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর থেকে নিখোঁজ ছিল তারা।
নিহতরা হলো- ঐ এলাকার আক্কাস মিয়ার ছেলে মো. হোসাইন (১১) ও তার বোন জিন্নাত (৮)। তারা প্রায়ই ডোবা থেকে শাপলা ফুল তুলতে যেতো।
নিহত দুই শিশুর খালা ইয়াসমিন বেগম বলেন, ‘শান্তিনগর খাদেমের মাঠের পাশে একটি ডোবা থেকে প্রায় সময় শাপলা ফুল তুলতে যেতো হোসাইন ও জিন্নাত। গত বৃহস্পতিবার দুপুরেও শাপলা ফুল তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়।
সন্ধ্যা হয়ে গেলেও তারা আর বাড়িতে ফিরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে বাড়ির পাশে ডোবাতে দুইজনের মরদেহ ভেসে উঠতে দেখে তাদের আরেক ভাই।
পরে স্থানীয় লোকজন তাদের মরদেহ ডোবা থেকে তুলে বাড়িতে পাঠায়।