ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগস্থল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্বরোড অংশ। এই দুই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ৫০ কিলোমিটারে চলছে একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ।
দক্ষ প্রকল্প ব্যবস্থাপনার অভাবে এই উন্নয়ন কর্মযজ্ঞই যেন খড়্গ হয়ে দাঁড়িয়েছে। একটি প্রকল্পে কাজ বন্ধ থাকলে আরেকটিতে চলমান কাজের জন্য প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে।
তিন মাস ধরে চলছে যানজটের এই তীব্র যন্ত্রণা। মহাসড়কে সৃষ্ট গর্ত ভরাট করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও তা বেশি দিন টিকছে না। দ্রুত সমাধানের পথও বের করতে পারছে না সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে ৯ জুলাই রাত থেকে ১১ জুলাই কয়েক দফায় মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জের মাধবপুরের আগে পর্যন্ত ৩৪ কিলোমিটারে যানজট ছিল।
এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া অংশে দুটি উন্নয়ন কাজ চলছে। এর একটি আশুগঞ্জ-আখাউড়া মহাসড়কের ছয়লেন নির্মাণের কাজ। তার নির্মাণকাজ আশুগঞ্জ থেকে বিশ্বরোড পর্যন্ত এক পাশে প্রায় শেষ হয়েছে।
এ অংশটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে বিশ্বরোড মোড় ও আশুগঞ্জ গোলচত্বরে কাজ না হওয়ায় সেখানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুটি স্থানে যানবাহন ধীরে ধীরে চলে। কিছু স্থানে বড় গর্ত হওয়ায় সেখানে গাড়ি আটকে যায়।
এ ছাড়া বিশ্বরোড থেকে সিলেট অভিমুখী মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে উন্নয়নকাজ চলতে থাকায় গাড়ি চলাচলের অংশ সরু হয়ে গেছে।
বিশ্বরোড থেকে হবিগঞ্জের মাধবপুরের আগ পর্যন্ত তাই যানজট লেগেই থাকে। আশুগঞ্জ-আখাউড়া আশুগঞ্জ-সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশ্বরোড অংশটি একীভূত প্রকল্পে আনার পরিকল্পনা চলছে।
এ কারণে ওই অংশের এক পাশের কাজ বন্ধ রয়েছে। ফলে এক পাশের সড়ক ভেঙে একাকার হয়ে গেছে। এই রুটের কয়েকজন বাসযাত্রীরা বলেন, ‘আমরা কয়েকজন শ্রমিক সুনামগঞ্জ থেকে ঢাকার পথে যাচ্ছিলাম। ঢাকার একটি কারখানায় আমরা শ্রমিকের কাজ করি। তবে যানজটের কারণে সঠিক সময়ে কাজে যোগ দিতে পারিনি।’
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান জানান, আশুগঞ্জ ও বিশ্বরোড মোড়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে যানজট হচ্ছে। গর্তে গাড়ি আটকে থাকলে সমস্যা আরো বাড়ছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। এ ছাড়া থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসেন বলেন, ‘একদিকে উন্নয়নকাজ চলায় অন্যদিকে ভাঙাচোরা সড়কের কারণে সরাইলের বিশ্বরোড মোড়সহ আশপাশে নিয়মিত যানজট হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে স্থায়ী সমাধান দরকার।
আশুগঞ্জ-সুলতানপুর-আখাউড়া স্থলবন্দর সড়ক উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ জানান, ঢাকা-সিলেট ও আশুগঞ্জ-আখাউড়া মহাসড়কের যে অংশ ব্রাহ্মণবাড়িয়া অংশে পড়েছে সেটি একটি প্রকল্পের আওতায় এনে কাজ করার প্রস্তাব করা হয়েছে। এ কারণে ওই অংশটুকুর কাজ বন্ধ আছে।