
যশোর জেলার শার্শা উপজেলায় ২০২৪–২৫ অর্থবছরের প্রকল্প উন্নয়ন সহায়তার আওতায় বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল–গোগার প্রায় ১০ (দশ) কিলোমিটার সড়ক নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, যশোর হতে আজ একটি একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অভিযোগের বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শার্শা উপজেলার উপজেলা প্রকৌশলীর বক্তব্য গ্রহণ করা হয় এবং অভিযোগ-সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সরেজমিন পরিদর্শনকালে শার্শা উপজেলার এলজিইডির উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারের উপস্থিতিতে নিরপেক্ষ প্রকৌশলী টিমের সদস্যগণ অভিযোগে বর্ণিত সড়কের পরিমাপ গ্রহণ করেন এবং পরীক্ষার উদ্দেশ্যে সড়কের বিভিন্ন স্থান হতে নমুনা সংগ্রহ করেন। বিশেষজ্ঞ প্রকৌশলী টিম কর্তৃক সংগৃহীত নমুনাসমূহের পরীক্ষণ প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে এবং সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে বলে জানায় দুদক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পুঠিয়া, রাজশাহীতে চিকিৎসাসেবা প্রদানে অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহী হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পুঠিয়া, রাজশাহীতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের সদস্যগণ প্রথমে ছদ্মবেশে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসাসেবা গ্রহণে আগত রোগীদের সাথে কথা বলেন। রোগীদের সাথে কথা বলে জানা যায় যে, পূর্বে আলট্রাসনোগ্রাফি মেশিন নষ্ট থাকায় তাদের বাইরে থেকে আলট্রাসনোগ্রাম করাতে হয়েছিল; তবে বর্তমানে উক্ত মেশিনটি সচল রয়েছে। এছাড়া হাসপাতালের অন্যান্য প্রয়োজনীয় সকল মেশিন কার্যক্ষম রয়েছে এবং রোগীরা সরকার নির্ধারিত ফি প্রদানপূর্বক প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করতে পারছেন এমনটি জানা যায়। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
এদিকে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার একটি সেতুর সংযোগ সড়কের গাইড ওয়াল নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম নিরপেক্ষ প্রকৌশলীসহ সেতুটি সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনকালে নিরপেক্ষ প্রকৌশলী কর্তৃক সেতুর মূল অংশ, গাইড ওয়ালসহ অভিযোগে উল্লিখিত বিষয়সমূহের পরিমাপ গ্রহণ করা হয় এবং পরীক্ষার উদ্দেশ্যে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা ও পরিমাপ সংক্রান্ত প্রতিবেদন প্রাপ্তিসাপেক্ষে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।